সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
দুই বন্ধু জিহাদ ও জীদ বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর আইডিয়াল মোড়ের একটি মেসে থাকেন। সেখান থেকে রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় ‘আমি ডুবে যাচ্ছি আমাকে ধর’ বলে চিৎকার করেন। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন, ‘আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।’
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মাছুম বিল্লাহ
ফোন: +8801715184181
ইমেইল: crimeexpressbd@gmail.com
ওয়েবসাইট: www.crimeexpress.net
প্রধান কার্যালয় : ৩৮৯/এ/১ ডি আইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।