মো: সাব্বির হোসেন চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের জ্ঞানেন্দ্র পালের বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ জানায়, এসআই মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানের সময় মো. লিমন ওরফে ফকির উদ্দিন (১৯)-কে ১ পুরিয়া গাঁজা সেবন করতে দেখে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক লিমন ওরফে ফকির উদ্দিন উত্তর নশরতপুর গুড়িয়াপাড়া গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক রাখার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন