খন্দকার আউয়াল হোসেন (টাঙ্গাইল); টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কৃষকদের অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে সার ডিলার জাফর সিকদারকে ২০ হাজার টাকা এবং ইব্রাহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত মূল্য আদায় করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। প্রশাসনের এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কৃষকদের স্বার্থে সার বাজারে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন