শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
শেষবারের মতো বসবেন তারকারা করণের কফি কাউচে

শেষবারের মতো বসবেন তারকারা করণের কফি কাউচে

দুই দশকের বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন প্রেম বিয়ে বিচ্ছেদ ও নানা বিতর্কের গল্প তুলে ধরেছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। এবার সেই যাত্রার ইতি টানতে যাচ্ছেন অনুষ্ঠানটির সঞ্চালক ও বলিউড নির্মাতা করণ জোহর। নবম মৌসুমের মধ্য দিয়েই শেষ হবে জনপ্রিয় এই অনুষ্ঠান।আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হবে শেষ মৌসুম। ২০০৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি এরই মধ্যে আটটি মৌসুমে ১৬১টি পর্ব প্রচার করেছে। দীর্ঘ এই সময়ে বলিউডের অসংখ্য তারকা বসেছেন করণের বিখ্যাত কফি কাউচে। খোলামেলা কথোপকথন আর মজার প্রশ্নের মাধ্যমে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প উঠে এসেছে এসব পর্বে।২০০৪ সালের ১৯ নভেম্বর স্টার ওয়ার্ল্ডে প্রচারিত প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। এরপর অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে বলিউডের বিভিন্ন প্রজন্মের তারকারা অংশ নিয়েছেন অনুষ্ঠানে। র‍্যাপিড ফায়ার রাউন্ডও হয়ে ওঠে এর অন্যতম জনপ্রিয় আকর্ষণ।তবে অনুষ্ঠানটির যাত্রা শুধু বিনোদনেই সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন সময়ে অতিথিদের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ২০১৯ সালে ষষ্ঠ মৌসুমে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে নারীদের নিয়ে পান্ডিয়ার মন্তব্যের পর তাঁকে ক্ষমা চাইতে হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডও দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।বলিউডের স্বজনপ্রীতি নিয়েও অনুষ্ঠানে বিতর্ক তৈরি হয়েছে।আড়ও পড়ুন,শার্লক হোমস থেকে ফেলুদা হতে চান মীর রাব্বি অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে করণের কথোপকথন ছিল আলোচিত ঘটনাগুলোর একটি। তারকাদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনাও বহুবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।২০১৯ সালে ষষ্ঠ মৌসুমের পর বিরতি নিয়ে ২০২২ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফিরে আসে অনুষ্ঠানটি। সপ্তম মৌসুমের প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। ২০২৩ সালের অষ্টম মৌসুমের প্রথম পর্বে একসঙ্গে হাজির হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনাও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল।করণ জোহর জানিয়েছেন, অনুষ্ঠানটি তাঁর বিনোদনজগতের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দীর্ঘ ২২ বছরের এই যাত্রা শেষে এবার তিনি নতুন সৃজনশীল কাজে মনোযোগ দিতে চান। বিশেষ করে আরও বেশি সিনেমা পরিচালনা এবং নতুন গল্প বলার আগ্রহ থেকেই শেষ মৌসুমের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।পরিচালক হিসেবে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমা উপহার দিয়েছেন করণ। প্রযোজক হিসেবেও বলিউডে সক্রিয় রয়েছেন তিনি। এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শেষ মৌসুমের অতিথি তালিকা। আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া নবম মৌসুমে কারা করণের কফি কাউচে বসবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে শেষবারের মতো কোন তারকাদের গল্প ও মন্তব্যে জমে উঠবে এই আয়োজন, তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।