রেকর্ড গড়ল অপূর্ব-নীহা
ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত এবং জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘ভালো আছো তো?’ মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে ঝড় তুলেছে। এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’র মতো সফল কাজের পর এই জুটি আরও একবার নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র দুই দিনের মাথায় নাটকটি অভাবনীয়ভাবে এক কোটি ভিউ অতিক্রম করেছে, যা বাংলাদেশি একক নাটকের ইতিহাসে এক অনন্য ও নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। নাটকটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত পুরো টিম এবং সংশ্লিষ্টরা। নাটকটির গল্প নির্মাণশৈলী, সাবলীল সংলাপ এবং আবেগের চমৎকার উপস্থাপনার কারণে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউটিউবের কমেন্ট বক্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সিনে-গ্রুপে হাজার হাজার ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আরও পড়ুন,জয়ার নতুন ফটোশুটশুরুর দৃশ্যের চমক, আবেগময় টার্ন এবং একটি ব্যতিক্রমী সমাপ্তি দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে। নির্মাতা জাকারিয়া সৌখিন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি সব সময় মনের মতো কাজ করার চেষ্টা করেন এবং এই সাফল্য তাঁর একার নয়, বরং পুরো টিম ও দর্শকদের সম্মিলিত প্রাপ্তি। অন্যদিকে, সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব ও নীহা ছাড়াও মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্তের মতো প্রতিভাবান শিল্পীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্প ও অভিনয়ের পাশাপাশি এর একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’ও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার, আর চমৎকার কণ্ঠে গানটিতে প্রাণ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা। সব মিলিয়ে দক্ষ নির্মাণ, শক্তিশালী অভিনয় ও সুরের মূর্ছনায় নাটকটি বাংলা নাটকের বাজারে নতুন এক মাইলফলক স্থাপন করেছে।