টিন্ডারে ভয়ংকর ফাঁদ
টিন্ডারের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার রোমহর্ষক ও নৃশংস সিডনি লুফে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে হুলুর ট্রু ক্রাইম তথ্যচিত্র সিরিজ ‘সোয়াইপ রাইট অন দ্য ডেভিল’। ২০১৭ সালে ২৪ বছর বয়সী তরুণী সিডনিকে ডেটিংয়ে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং তাঁর দেহ ১৪ টুকরা করে ফেলে দেওয়া হয়। এই ভয়াবহ অপরাধের পেছনে ছিল ৫১ বছর বয়সী আত্মঘোষিত ভ্যাম্পায়ার অউব্রে ট্রেইল ও ২৩ বছর বয়সী বেইলি বসওয়েলের তৈরি করা এক অন্ধকার জগৎ। তারা জাদুবিদ্যার চর্চা ও কথিত গোপন গোষ্ঠীর (কোভেন) আড়ালে টিন্ডারের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে প্রতারণা, যৌন নির্যাতন এবং নিয়ন্ত্রণের ভয়ংকর জাল বিস্তার করেছিল।আরও পড়ুন,পর্দায় স্পর্শকাতর দৃশ্যের অভিজ্ঞতা জানালেন মাইকেল ডগলাসতদন্তে বেরিয়ে আসে, ট্রেইল ও বসওয়েল বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীদের নিজেদের নিয়ন্ত্রণে আনতেন এবং অতিপ্রাকৃত ক্ষমতার দাবি করে তাঁদের ওপর মানসিক নির্যাতন চালাতেন। এমনকি অতিরিক্ত ক্ষমতা অর্জনের জন্য কাউকে হত্যা করে সেই দৃশ্য ধারণের ভয়ংকর পরিকল্পনাও ছিল তাঁদের। সিডনি হত্যাকাণ্ডের কিছুদিন আগেই সেই গোষ্ঠী থেকে কয়েকজন নারী পালিয়ে বাঁচতে সক্ষম হন। পরবর্তীতে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় অউব্রে ট্রেইলের মৃত্যুদণ্ড এবং বেইলি বসওয়েলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরিচালক ব্রায়ান বিগেলের তিন বছরের গবেষণায় নির্মিত এই তিন পর্বের তথ্যচিত্রটি কেবল কোনো খুনের রহস্য উদ্ঘাটন করে না, বরং অনলাইন ডেটিংয়ের ঝুঁকি, একাকিত্বের সুযোগ নেওয়া এবং ভয়াবহ মানসিক নিয়ন্ত্রণের অন্ধকার দিকগুলোকে অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছে।