সিইসির পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে মহাবিক্ষোভ
ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে মহাবিক্ষোভের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট এবং মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির নেতা অভিজিৎ দিপকে এ কর্মসূচি ঘোষণা করেন। সিইসি পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও জেন-জিদের নিয়ে ‘যন্তর মন্তর ২.০’ এবং ‘চলো দিল্লি’ কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।এদিকে শুক্রবার মুম্বাইয়ে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও হাজার হাজার তরুণ-তরুণী ও শিক্ষার্থী মিছিল নিয়ে রাস্তায় নামেন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিক্ষোভে স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়াসহ (এসএফআই) বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা অংশ নেন।আরও পড়ুন,ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নাম ফেরাতে বিশেষ উদ্যোগ বিক্ষোভকারীদের হাতে সিইসির পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।সিজেপির নেতা অভিজিৎ দিপকে ও অজিঙ্ক্য শিন্ডে অভিযোগ করেন, গত দুই বছরে ভারতের ভোটার তালিকা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিরোধী নেতাদের সংসদীয় আসনগুলোতেও প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করেন।তারা ২০২৫ সালের সংশোধিত ভোটার তালিকা স্থগিত, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন বাতিল এবং ক্ষমতাসীন বিজেপির ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির বিরোধিতা করেন।তবে বিজেপি সমর্থকদের দাবি, তেলেঙ্গানা, কর্ণাটক ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক জয় ভারতের নির্বাচন ব্যবস্থার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ।ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই ১০ অক্টোবরের দিল্লির কর্মসূচিকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।