শার্লক হোমস থেকে ফেলুদা হতে চান মীর রাব্বি
ভিকি জাহেদের ‘বিষ পাখি’ নাটকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা মীর রাব্বি। চরিত্রনির্ভর অভিনয়ের কারণে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করা এই অভিনেতা সাম্প্রতিক কাজ ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। মীর রাব্বির কাছে অভিনয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা চরিত্র। নায়কোচিত দেখাতে হবে কিংবা নির্দিষ্ট কোনো ফর্মুলায় কাজ করতে হবে—এমন ভাবনা তাঁর নেই। বরং ভালো ও চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় থাকেন তিনি। পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং দর্শক যদি তাঁর অভিনীত চরিত্রগুলো আলাদা করে চিনতে পারেন সেটাকেই নিজের সৌভাগ্য বলে মনে করেন। অভিনয়ের প্রস্তুতি শুধু শুটিংয়ের সময়েই সীমাবদ্ধ রাখেন না মীর রাব্বি। নিয়মিত দেশি-বিদেশি সিনেমা ও বিভিন্ন ধরনের কনটেন্ট দেখেন। শৈশবের পছন্দের সিনেমাগুলোও এখনো দেখেন তিনি। তাঁর মতে, অডিও ভিজ্যুয়াল মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে এই ধারাবাহিক দেখাশোনা ও শেখার প্রক্রিয়া সব সময় চলতে থাকে। ভালো সিনেমা দেখতে দেখতে অনেক চরিত্রই করতে ইচ্ছা করে বলে জানিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে শার্লক হোমস চরিত্রে অভিনয়ের ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। পাশাপাশি ফেলুদা, হিমু ও বাকের ভাইয়ের মতো জনপ্রিয় চরিত্রগুলোও করতে চান তিনি। অভিনয়ে আসার আগে থেকেই এসব চরিত্রের প্রতি তাঁর মুগ্ধতা রয়েছে। মীর রাব্বির পছন্দের সিনেমার তালিকাও বেশ বৈচিত্র্যময়। আকিরা কুরোসাওয়ার ‘সেভেন সামুরাই’, ‘ফাইট ক্লাব’, গাই রিচির ‘স্ন্যাচ’, ‘রিভলভার’ ও ‘রকঅ্যান্ডরোল্লা’ তাঁর পছন্দের সিনেমাগুলোর মধ্যে রয়েছে। ক্লিন্ট ইস্টউডের সিনেমার পাশাপাশি ‘ফর আ ফিউ ডলারস মোর’, ‘মিলিয়ন ডলার বেবি’, ‘গুডফেলাস’, ‘দ্য গডফাদার’, ‘চায়না টাউন’ ও ‘দ্য শাইনিং’ও তাঁর প্রিয়। এসব সিনেমা তাঁর চিন্তাভাবনা ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে বলে জানান মীর রাব্বি। একই সিনেমা জীবনের বিভিন্ন সময়ে দেখলে ভিন্ন অর্থ খুঁজে পান তিনি। প্রতিবারই নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয় বলে মনে করেন এই অভিনেতা। তবে দেশের কাজের পরিবেশ নিয়ে কিছুটা হতাশার কথাও জানিয়েছেন মীর রাব্বি। তাঁর মতে, একটি ভালো কাজের জন্য শুধু অভিনয় ভালো হলেই হয় না। আড়ও পড়ুন,চলচ্চিত্র ‘ডিগার’-এ নতুন রূপে টম ক্রুজপরিচালনা থেকে শুরু করে প্রতিটি বিভাগের সবার সমানভাবে যুক্ত থাকা জরুরি। অনেক সময় পছন্দের গল্প পেলেও সব বিভাগের সমন্বয়ের অভাবে প্রত্যাশামতো কাজ হয়ে ওঠে না। গত দুই মাস শুটিংয়ে কম দেখা যাওয়ার কারণও জানিয়েছেন তিনি। অসুস্থতার কারণে এই সময়ে কাজ থেকে দূরে ছিলেন মীর রাব্বি। পরে তরুণ নির্মাতাদের সঙ্গে ইন্ডি সিনেমা, শর্টফিল্ম ও নাটকে কাজ শুরু করেছেন। ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ সব সময়ই রয়েছে বলে জানান তিনি। ভিকি জাহেদের ‘বিষ পাখি’ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মীর রাব্বি। তাঁর মতে, ভিকি জাহেদের কাজের ধরন আলাদা। হরর ও থ্রিলারের পাশাপাশি ‘বিষ পাখি’তে সাইকোলজিক্যাল থ্রিলারের আবহ রয়েছে। ব্যস্ততার মধ্যেই নাটকটির কাজ করলেও নিজের চরিত্রটি তাঁর পছন্দ হয়েছে। মীর রাব্বির অভিনীত বেশ কয়েকটি ইন্ডি সিনেমার কাজও শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বকুলের বুকে রক্তকরবী’, ‘কূরকাব’ ও ‘দুঃসাহস’। সিনেমাগুলোর কোনোটি মুক্তির অপেক্ষায় রয়েছে আবার কোনোটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। এদিকে বর্তমানে পরিচালক সাজিন আহমেদের ‘পছন্দ হয়নি কিন্তু ভালোবাসি’ নাটকে অভিনয় করছেন মীর রাব্বি। এতে তাঁর সহশিল্পী আয়শা খান।