আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদনও জানিয়েছেন এই শিল্পী।
রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য তিনি আর্থিক সহায়তা দিয়েছেন।
জায়েদ খান বলেন, একজন শিল্পীর পাশে তিনি সবসময় থাকার চেষ্টা করেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত শিল্পীদের সহযোগিতা করেন। একই সঙ্গে তিনি অন্য শিল্পীদেরও অসুস্থ ও বিপদগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
আড়ও পড়ুন,দেড় শ বছর পরও পর্দায় অমলিন শরৎচন্দ্রের চরিত্র
তার ভাষায়, শিল্পীরা নিজেদের জায়গা থেকে একে অন্যের পাশে দাঁড়ালে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টের কারণে হাসপাতালের বিছানায় অসহায় অবস্থায় থাকতে হবে না।
দীর্ঘ জীবনে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা রিফাত চৌধুরীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ রয়েছে। জায়েদ খানের এই সহায়তা তার চিকিৎসার ব্যয় নির্বাহে কিছুটা স্বস্তি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়েও কাজ করছেন তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু করার কথা জানিয়েছেন এই অভিনেতা।
মতামত