ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক ও শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, 'নসীব' নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী এই শিল্পী। আরও পড়ুন, পরীমণির আদালতে উপস্থিতি ঘিরে উত্তেজনা শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে শুটিংয়ে যাওয়ার জন্য মেকআপ নিয়ে সম্পূর্ণ প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। নির্ধারিত সময়ে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় কক্ষের ভেতরে গিয়ে তিনি দেখেন, সোহেল খান বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ওই সদস্য চিৎকার শুরু করেন। তার চিৎকারে শুটিং ইউনিটের অন্য সদস্যরা দ্রুত ছুটে আসেন। পরবর্তীতে অচেতন অবস্থায় সোহেল খানকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুতে দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্র পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান
মতামত