প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। একদিকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় দেশের অনেক জেলায় শীতের আমেজ অনুভূত হচ্ছে, অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া মেঘমালায় পাল্টে গেছে আবহাওয়ার চিত্র। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির সরাসরি বাংলাদেশের ওপর আঘাত হানার আশঙ্কা নেই। মূলত এটি দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করলেও এর প্রভাবে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে মেঘ বাংলাদেশে প্রবেশ করছে। ফলে সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কত দিন স্থায়ী হতে পারে—এমন প্রশ্নে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যদিও অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানার মতে, আজ ও আগামীকাল বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। তবে পরশু থেকে এর তীব্রতা ধীরে ধীরে কমে আসবে এবং কিছু অঞ্চল থেকে বৃষ্টি বিদায়ও নিতে পারে।
আরও পড়ুন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন ও ব্রিটিশ দূতের পৃথক সাক্ষাৎ
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম থেকে ১,১৮০ কিমি, কক্সবাজার থেকে ১,১২৫ কিমি, মোংলা থেকে ১,০৭০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,০৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে ছিল। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত