ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও পারিবারিক আধিপত্য কমিয়ে সুশাসন নিশ্চিত করতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এই খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম দূর করা এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই আইনে এই মৌলিক পরিবর্তনগুলো আনা হচ্ছে। চূড়ান্ত খসড়ায় রাজনৈতিক ব্যক্তিদের পর্ষদে থাকার পথ বন্ধ করার পাশাপাশি একই পরিবারের সদস্যদের একক আধিপত্য কমানোর প্রস্তাব রাখা হয়েছে। আরও পড়ুন, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিল এনসিপি, সোমবার সংলাপ এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নতুন আইনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পরিচালকদের দায়িত্ব পালনের সময়সীমা কমিয়ে আনা। বর্তমান আইনে একজন পরিচালক একটানা ১২ বছর পর্ষদে থাকতে পারলেও, সংশোধিত খসড়ায় তা অর্ধেকে নামিয়ে অর্থাৎ সর্বোচ্চ ৬ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতোমধ্যে সংশোধিত খসড়াটি চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়াটি খুব শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
ব্যাংক পরিচালনা পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা, আইনের খসড়া চূড়ান্ত
বিষয় : বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ
মতামত