অগ্নিসন্ত্রাস রুখতে চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। যারা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে টানা ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছিল, সেই সন্ত্রাসী গোষ্ঠী আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী অতীতের নির্বাচন ও শাসনামলের প্রসঙ্গ টেনে বলেন, ১৬ বছর ধরে জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন, নিশিরাতের ভোট, ভোট দখল এবং আমি-ডামির নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশের মানুষ আর কি ওই ধরনের নির্বাচন দেখতে চায়? তার অভিযোগ, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকলেও তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা ব্যারেজের কাজ করেনি; এমনকি ওই এলাকায় গ্যাস সংযোগ কিংবা ইপিজেডও গড়ে তোলেনি। কারণ হিসেবে তিনি বলেন, দেশ ও মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। আরও পড়ুন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেতঅর্থপাচার ও বৈদেশিক প্রভাবের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা দেশ ছাড়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া ওই শক্তি এখন তাদের ‘প্রভুদের’ খুশি করতে দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পলাতক থাকা অবস্থাতেও তারা অগ্নিসন্ত্রাস, মানুষকে পুড়িয়ে মারা এবং পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে। ক্ষমতা ধরে রাখার শেষ সময়ে ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০টি শিশুকে হত্যার কথাও তুলে ধরেন তিনি। চব্বিশের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ আর গুম-খুন, ভোট দখল বা অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না; বরং নিরাপত্তা, স্বস্তি ও অগ্রগতি চায়। এজন্য চব্বিশে গণতন্ত্রের পক্ষে লড়াই করা সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ‘যথেষ্ট হয়েছে, আর নয়’—এই স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। নিজের সরকারের অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, তিনি খাল খননের রাজনীতি করতে চান, কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চান, ফসলের উৎপাদন বৃদ্ধি করতে চান এবং শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা ও নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে চান। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করার অঙ্গীকার করে চব্বিশের মতো আবারও প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।