ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া ব্রুমা, চমক হিসেবে থাকছেন ফুয়াদ
ঢাকার মঞ্চ মাতাতে আবারও বাংলাদেশে এসে পৌঁছেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই বিশেষ কনসার্টে আন্তর্জাতিক পপ সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন এই আন্তর্জাতিক পপতারকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। ঢাকায় পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ওটিলিয়া। এক বার্তায় তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’আরও পড়ুন, চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খানঅন্যদিকে, ওটিলিয়ার এই কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। আন্তর্জাতিক পপ সংগীতের উন্মাদনা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের আধুনিক দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো ও স্মরণীয় সন্ধ্যার আয়োজন অপেক্ষা করছে বলে আশা করছেন আয়োজকরা। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন এই গায়িকা। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই মেগা কনসার্ট। ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টটির অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। শৈশব থেকেই সংগীতের প্রতি অনুরাগী রোমানিয়ান এই পপতারকা ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এরপর থেকেই তিনি সংগীতপ্রেমীদের কাছে ‘বিলিয়নেরা’ নামে পরিচিত হয়ে ওঠেন। প্রকাশের পরপরই গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিও চার্টের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিল।