রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষের চরম বেহাল দশা প্রত্যক্ষ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই কলেজটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে গিয়ে তিনি দেখতে পান, পুরো কক্ষে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। এমন দৃশ্য দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে মন্ত্রী উপস্থিত এক নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ মন্ত্রীর প্রশ্নের জবাবে ওই নারী শিক্ষক জানান, শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী উপস্থিত আছেন। শিক্ষার্থী সংখ্যা এত কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি উল্লেখ করেন, ওই শাখায় মূলত মেয়েরা পড়াশোনা করে এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ জন। মন্ত্রী পুনরায় জানতে চান যে ছাত্রীরা নিয়মিত কলেজে আসে কি না। উত্তরে শিক্ষক স্বীকার করেন, শিক্ষার্থীরা নিয়মিত আসে না এবং সেদিন মাত্র একজনই উপস্থিত হয়েছে।
আরও পড়ুন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত শেষ করার সুপারিশ
এ বিষয়ে উপস্থিত আরেক শিক্ষক নিজ অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি নিয়মমাফিক নির্ধারিত সময়েই শ্রেণিকক্ষে প্রবেশ করেছেন, তবে শিক্ষার্থীদের অনেকেই তখনো ক্লাসে ঢোকেনি। পরবর্তীতে শিক্ষামন্ত্রী ক্লাস শুরুর নির্দিষ্ট সময় জানতে চেয়ে বলেন, তখন পর্যন্ত কোনো শ্রেণিকক্ষকেই তিনি শিক্ষার্থী দেখতে পাচ্ছেন না। জবাবে ওই শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা এবং শিক্ষকেরা প্রবেশ করছেন, শিক্ষার্থীরা হয়তো ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। আরেকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে আসার ব্যাপারে চরম অনীহা কাজ করে এবং অনেক সময় তাদের ক্লাসে আনার জন্য ফোন করে ডাকতে হয়। শিক্ষকদের এমন দায়সারা ও অসংলগ্ন ব্যাখ্যায় চরম অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও সুস্থ শিক্ষা কার্যক্রম বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
মতামত