ক্রসফায়ার নিয়ে প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষায় সরকার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগ করতে হবে। একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। জাহেদ উর রহমান বলেন, অতীতেও বিচার-পরবর্তী সময়ে কিছু মানুষের মরদেহের সঙ্গে এ ধরনের আচরণের ঘটনা ঘটেছে। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি। আরও পড়ুন,শ্রমিক প্রতিনিধিদের নাম চাইলেন শ্রমমন্ত্রীতাঁর মতে, একজন মানুষ মারা যাওয়ার পর তাঁর বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কর্মকাণ্ডের জন্য মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না। চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থী উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে উপদেষ্টা বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে এমন প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, রাষ্ট্রের আইন ভঙ্গ করে কেউ এ ধরনের কাজ করতে পারবে না সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলে এসব ঘটনা কমে আসবে। এ প্রবণতা দীর্ঘ সময় ধরে চলবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভারতের সঙ্গে সম্পর্কসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এসব বিষয়কে বাংলাদেশ মেনে নিয়েছে এভাবে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি।