ইয়েমেনের পশ্চিম তাইজ প্রদেশে হাউছিদের অবস্থান, ব্যারাক ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী।বুধবার ইয়েমেনি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টার জানায়, তাইজের পশ্চিমে আল-কাদা ফ্রন্টে এ হামলা চালানো হয়। অভিযানে ইয়েমেনের চতুর্থ সামরিক অঞ্চলের বাহিনী অংশ নেয় বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি। হামলার বিষয়ে হাউছিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।সাম্প্রতিক দিনগুলোতে আল-কাদা ফ্রন্টে একাধিকবার সংঘর্ষ হয়েছে। তাইজের সঙ্গে লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী সেখানে অভিযান চালাচ্ছে।কৌশলগত অবস্থানের কারণে আল-কাদা ফ্রন্টটি দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ। এই এলাকা তাইজকে মোখার সঙ্গে যুক্ত করেছে।
আড়ও পড়ুন,হরমুজে তৃতীয় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাউছিদের মধ্যে সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত বেড়েছে। জুলাইয়ের শুরু থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও লড়াই নতুন করে তীব্র হয়েছে।এর আগে ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে সাম্প্রতিক সংঘর্ষে সেই স্থিতিশীলতা আবারও চাপে পড়েছে।তাইজ-মোখা যোগাযোগপথের নিয়ন্ত্রণ ঘিরে আল-কাদা ফ্রন্টে লড়াই অব্যাহত থাকায় ইয়েমেনের সংঘাত পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক নজরে এসেছে।
মতামত