ভুয়া ও অনুমাননির্ভর’ প্রতিবেদন নিয়ে মুখ খুললেন রাকুল
আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার দাবি, যেসব স্থানে সম্প্রতি আয়কর তল্লাশি চালানো হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিজের নাম জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া’ ও ‘অনুমাননির্ভর’ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাকুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে অবৈধ বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। দেশের ভেতরে বা বিদেশে অন্য কারও হয়ে কোনো বেনামি সম্পত্তিও তার নেই বলে দাবি করেন তিনি।রাকুল জানান, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং চলচ্চিত্রজগতে কোনো গডফাদারের সহায়তা ছাড়াই নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়েছেন। ২০ বছর বয়স থেকেই নিয়মিত আয়কর দিয়ে আসছেন বলেও দাবি করেন অভিনেত্রী। তার ভাষ্য, কখনো কারও কাছ থেকে দামি সম্পত্তি উপহারও নেননি।অভিনেত্রীর দাবি, কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবৈধ বিদেশি অর্থ পাঠানোর সঙ্গেও তিনি জড়িত নন। আরও পড়ুন,বিতর্কের মুখে সঞ্জয় দত্ত বললেন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছেতার নাম জড়িয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলোতে প্রকৃত তথ্য তুলে ধরা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যমকে এসব প্রতিবেদন প্রত্যাহার করে সত্য তথ্য পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন।এর আগে ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের আয়কর দপ্তর সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে ১২টি স্থানে তল্লাশি চালায়। চলচ্চিত্র নির্মাণের অর্থায়নের আড়ালে বিদেশে অর্থ পাঠানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। এ ঘটনায় প্রযোজক ভাসু ভাগনানি ও প্যানোরামা স্টুডিওসের সংশ্লিষ্টতার কথাও উঠে আসে। তবে রাকুলের দাবি ওই তল্লাশির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।কাজের দিক থেকে রাকুল প্রীত সিংকে সর্বশেষ ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আরও রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ।