মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তা
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন ভালোবাসার বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একমাত্র কন্যা আনায়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। মেয়ের জীবনে আসার পর কীভাবে বদলে গেছে তাঁর পৃথিবী, সেই অনুভূতিও তুলে ধরেছেন তিনি। বৃহস্পতিবার মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে দেওয়া পোস্টে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’ মেয়েকে ভালোবাসার ৩৬৫ দিন পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে তিনি তাঁদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানান। পোস্টে মেয়েকে বড় হতে দেখার আনন্দ ও বাবা হিসেবে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন অপূর্ব। তিনি লিখেছেন, সময় কীভাবে চলে গেছে, তা বুঝতেই পারেননি। ঠিক এক বছর আগে এই দিনেই আনায়া তাঁদের পৃথিবীতে এসেছিল এবং সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিল। আরোও পড়ুন,মিস্টার ইন্ডিয়া’র জ্যাকেট এখনো যত্নে রেখেছেন অনিলমেয়ের বেড়ে ওঠা, নতুন নতুন বিষয় আবিষ্কার করা এবং তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন এই অভিনেতা। মেয়ের জন্মদিন উপলক্ষে প্রকাশিত ছবিতে আনায়ার মাথায় দেখা যায় ছোট্ট একটি মুকুট। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় অপূর্ব লিখেছেন, মেয়ের মাথায় হয়তো আজ ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের মুহূর্ত থেকেই সে তাঁদের হৃদয়ের মুকুট পরে আছে। পোস্টের শেষাংশে মেয়ের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অপূর্ব লেখেন, তাঁর ছোট্ট মেয়ের জীবন যেন তার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে। উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান আনায়া। গত বছরের ডিসেম্বরে বাবা হওয়ার সুখবর প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকা অপূর্বর এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।