বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে
বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ১৮ অক্টোবর আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। পূর্বাভাস অনুযায়ী, সোমবার ১৯ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরও পড়ুন,আমিনবাজারের রূপান্তর দেখে যা বললেন প্রধানমন্ত্রীসোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে, মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ২২ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বেশির ভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সম্ভাব্য লঘুচাপের পরিস্থিতির ওপর নির্ভর করে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।