বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা সময়ের অপচয়: অর্থমন্ত্রী
বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতীতের সরকারের আলোচনা নয়, বরং দেশের অর্থনীতি ও তথ্যব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করাই এখন বেশি গুরুত্বপূর্ণ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’ এ সময় তিনি বলেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় না। তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করা সম্ভব হলে রাজনৈতিক গণতন্ত্রও কার্যকর ভিত্তি পাবে। অর্থনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না হলে রাজনৈতিক গণতন্ত্রও কার্যকরভাবে কাজ করতে পারে না।আরও পড়ুন, বিনিয়োগকারীদের অর্থ ব্যবহারে অনিয়মের সন্দেহসঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে আমির খসরু বলেন, সরকার তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছে। এ লক্ষ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মন্তব্য করেন তিনি। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। জনগণ যাতে নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগের সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন, অন্যদিকে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। এর ফলে দেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে। তিনি আরও বলেন, নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।