নিত্যপণ্যের দামে চাপে সাধারণ ক্রেতা
‘মাছে-ভাতে বাঙালি’—বাঙালির এই চিরচেনা পরিচয় ধরে রাখাই এখন সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে উঠছে। রাজধানীর বাজারে মাছ ও আগাম শীতকালীন সবজির দাম বেশ চড়া। পাশাপাশি কয়েক ধরনের ডালের দামও বেড়েছে। তবে ডিম, মুরগি ও ভোজ্যতেলের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সীমিত আয়ের মানুষ। শুক্রবার ১৬ অক্টোবর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে রুই-কাতলা থেকে শুরু করে তেলাপিয়া, কৈ, পাঙাশ ও ছোট মাছ—সব ধরনের মাছ কিনতেই ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। রুই ও কাতলা মাছ ওজনভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। তেলাপিয়ার দাম ২০০ থেকে ৩০০ টাকা। চাষের কৈ ও পাঙাশের কেজিও ২০০ টাকার নিচে নয়। আর শিংসহ ছোট মাছ কিনতে খরচ হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। চালের বাজারেও রয়েছে দামের পার্থক্য। রাজধানীর কারওয়ান বাজারে ২৮ ও পাইজাম চাল প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা এবং স্বর্ণা চাল ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে নাজিরশাইল ও মিনিকেট চালের কেজি ৭৫ থেকে ৯০ টাকা। আরও পড়ুন,দুর্গাপূজার ছুটিতেও চালু থাকবে কাস্টমস কার্যক্রমতবে স্বস্তির খবর, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সুগন্ধি চিনিগুড়া চালের দাম কমেছে ২০ টাকা। এদিকে বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনও চড়া। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি অন্তত ৫০ টাকায়। শিমের কেজি ১২০ টাকা। আকারভেদে লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা। বেগুন ৫০ থেকে ১২০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। টমেটোর দাম ১২০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া বরবটি ৯০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি ছোলা, বুট, মুগ ও মটর ডালের দামও প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। তবে ডিমের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা এবং হাঁসের ডিম ১৮০ থেকে ১৯০ টাকায়। মুরগির দামও রয়েছে প্রায় অপরিবর্তিত। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা, খোলা সয়াবিন তেল ১৯০ টাকা এবং পাম তেল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মাছ, চাল, সবজি ও ডালের বাড়তি দামে চাপে রয়েছেন সাধারণ ক্রেতারা। কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও পরিবারের প্রতিদিনের খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে।