বইয়ের স্টলে গল্প রহস্য আর বিজ্ঞানে মেতে শিক্ষার্থীরা
গা ছমছমে ভূতের গল্পের ভক্ত চট্টগ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইসা। তাই প্রথমা প্রকাশনের বই উৎসবে একনজরেই তার পছন্দ হয়ে যায় রকিব হাসানের ‘হাতকাটা ভূত’। বইটি কেনার আগে সহপাঠী বান্ধবীকেও ডেকে এনে দেখিয়েছে সে। এরপর পছন্দের বইটি প্যাকেটবন্দী করে নিয়ে গেছে নিজের কাছে।মাইসা জানায়, রকিব হাসান তার প্রিয় গল্পকার। ‘হাতকাটা ভূত’ বইটি একজন পিয়ানো শিক্ষককে ঘিরে লেখা হয়েছে বলে আগেই জেনেছে সে। ওই শিক্ষকের মিউজিক স্কুলে যারা বাজনা শিখতে যায় তারা আর ফিরে আসে না এমন রহস্য নিয়েই গল্প। বাকিটা বাড়িতে গিয়ে পড়বে বলে জানায় মাইসা। সোমবার সকালে চট্টগ্রামের বালুছড়ায় লিডার্স স্কুল অ্যান্ড কলেজে প্রথমা আয়োজিত বই উৎসবে কথা হয় মাইসার সঙ্গে। তখন বিদ্যালয়ে ক্লাস শেষে টিফিনের বিরতি চলছিল। এ সময় ক্যানটিনের বদলে শিক্ষার্থীদের বড় একটি অংশ ছুটে যায় বইয়ের স্টলের দিকে। কেউ খুঁজছিল কিশোর উপন্যাস ও রহস্যের বই, কেউ কমিকস আবার কেউ পছন্দের লেখকের গল্পের বই। বই কেনার ক্ষেত্রেও শিক্ষার্থীদের মধ্যে ছিল ভিন্ন রকমের আগ্রহ। কেউ মলাট দেখেই দ্রুত পছন্দের বই কিনছিল। আবার কেউ বন্ধুদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছিল কোন বইটি কেনা হবে। অনেক শিক্ষার্থী হাতে থাকা টাকা গুনে বইয়ের দাম মিলিয়ে নিচ্ছিল এবং বই কেনার পর কত টাকা অবশিষ্ট থাকবে সেটিও হিসাব করছিল। মেলার একটি স্টলে বিজ্ঞান, গণিত, গল্প, রহস্য ও কিশোর উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়। পাশাপাশি ছিল কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার সাময়িকী। আরও পড়ুন,জিপিএ-৫ উৎসবে স্বপ্ন নিয়ে হাজির ১০ হাজার শিক্ষার্থীপঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাদিদ ও আবিরকে দেখা যায় গণিতের বই নিয়ে আলোচনা করতে। কঠিন গণিতের বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য তারা উপযোগী বই খুঁজছিল। গল্প-উপন্যাসের পাশাপাশি বিজ্ঞান ও গণিতের বইয়ের প্রতিই তাদের আগ্রহ বেশি। এরই মধ্যে তারা বিজ্ঞানচিন্তার চলতি সংখ্যার দুটি কপিও কিনে নেয়। ছোটদের টিফিনের বিরতি শেষ হওয়ার পর শুরু হয় বড় শ্রেণির শিক্ষার্থীদের বিরতি। তখন আবারও বইয়ের স্টলে ভিড় বাড়ে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপন্যাস গল্প থ্রিলার ও রহস্যের বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখা যায়। কেউ কেউ প্রিয় লেখকের নাম বলেও জানতে চাইছিলেন তাঁর কোনো বই স্টলে আছে কি না। পরে শিক্ষার্থীদের ছুটির সময় বিদ্যালয়ে আসতে শুরু করেন অভিভাবকেরাও। সন্তানের পছন্দের বই খুঁজে দিতে তারা স্টলে ভিড় করেন। কেউ সন্তানের হাতে পছন্দের বই তুলে দেন, আবার কেউ বই বাছাইয়ে উৎসাহ দেন। অনেক অভিভাবক সন্তানের জন্য বই কেনার পাশাপাশি নিজেদের পছন্দের বইও বেছে নেন। লিডার্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করা এবং বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে তাদের পরিচিত করতেই প্রথমা প্রকাশনের সঙ্গে যৌথভাবে এ বই উৎসবের আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প উপন্যাস বিজ্ঞান ও রহস্যের বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।