বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টি বন্ধ

হামলা-ভাঙচুরে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টি বন্ধ

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের জন্য ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। এ পরিস্থিতিতে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।আরও পড়ুন, রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমাল সরকারগ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি এবং দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে এর কার্যক্রম বিস্তৃত। বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা, সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা এবং বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, শাখাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ শাখাগুলোর আওতাধীন এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট সদস্যরা। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘটিত এসব ঘটনায় প্রতিষ্ঠানটির সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে। এ পরিস্থিতিতে ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।