মুশফিক ফারহানের নাটকে বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে প্রশ্ন
মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। ইউটিউবে নাটকটির ভিউ ইতোমধ্যে ৫১ লাখ ছাড়িয়েছে। প্রশংসার পাশাপাশি এবার নাটকের গল্পে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটির নাম নেওয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’ থেকে। ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তির পর নাটকটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।নাটকে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পের শুরুতে মইনকে দরিদ্র অবস্থায় দেখা যায়। আর্থিক অবস্থার কারণে প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে মইনকে উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও হিসেবে দায়িত্ব নিতে দেখা যায়।আর এখানেই আপত্তি তুলেছেন সচেতন দর্শকদের অনেকে। তাদের অভিযোগ চাকরির প্রথম দিনেই মইনকে ইউএনও হিসেবে যোগ দিতে দেখানো হয়েছে। বাস্তব সরকারি প্রশাসনের কাঠামোর সঙ্গে এই উপস্থাপনা সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তারা।এ ছাড়া নাটকে মইনের পদ হিসেবে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে। দর্শকদের অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সরকারি চাকরিতে আদৌ এমন কোনো পদ রয়েছে কি না। নাটকের একটি নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে দেখানোর বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে।আড়ও পড়ুন,ওটিটিতে যা দেখবেনসামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকেই নাটক নির্মাণের আগে সংশ্লিষ্ট পেশা ও সরকারি পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন বিনোদনের পাশাপাশি নাটকে বাস্তব পেশা ও সরকারি কাঠামো উপস্থাপনের ক্ষেত্রেও নির্মাতাদের আরও সতর্ক হওয়া উচিত।তবে এসব সমালোচনা নিয়ে এখনো নির্মাতা জুবায়ের ইবনে বকর কিংবা নাটকের অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। মুশফিক আর ফারহানের সঙ্গে এতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ আরও অনেকে।এর আগেও ফারহান আহমেদ জোভানের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডার চরিত্রের উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হাসাহাসি হয়েছিল। ফলে নাটকে বিসিএস ক্যাডার চরিত্রের বাস্তব উপস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দর্শকদের একটি অংশ।