রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
পাঁচ জেলায় দীর্ঘদিনের আমিরদের বিদায়

পাঁচ জেলায় দীর্ঘদিনের আমিরদের বিদায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর পর্যায়ের নেতৃত্বে নতুন মেয়াদে কিছু পরিবর্তন এলেও অধিকাংশ সাংগঠনিক শাখায় পুরোনো নেতৃত্বই বহাল রয়েছে। ঘোষিত ৭৭টি সাংগঠনিক শাখার মধ্যে ৫১টিতে আগের আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জেলার আমির এক দশক বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ঝালকাঠিতে ২০০৪ সাল থেকে টানা ২২ বছর আমিরের দায়িত্বে থাকা হাফিজুর রহমানও আবার নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাতে ২০২৭-২৮ মেয়াদের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ তালিকা প্রকাশ করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের গোপন ভোটে আমিররা নির্বাচিত হয়েছেন। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, শেরপুর, মেহেরপুর, টাঙ্গাইল, রাঙামাটি ও বান্দরবান জেলায় দীর্ঘদিনের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রাঙামাটি ও বান্দরবানে ১৬ বছর এবং সিরাজগঞ্জে ১৪ বছর ধরে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট নেতারা। তবে দীর্ঘদিনের কয়েকজন আমিরের জায়গায় নতুন নেতৃত্ব এসেছে। খাগড়াছড়িতে প্রায় ২৮ বছর দায়িত্ব পালন করা সৈয়দ মো. আবদুল মোমেনের পরিবর্তে আমির হয়েছেন মিনহাজুর রহমান। আরও পড়ুন,১১ মাসের সন্তান নিয়ে অনিশ্চয়তায় তৌফিকের স্ত্রীএ ছাড়া জয়পুরহাট, খুলনা, বরিশাল, রাজবাড়ী ও লক্ষ্মীপুর জেলায় নেতৃত্ব পরিবর্তন হয়েছে। এসব জেলায় আগের আমিররা ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। মহানগর পর্যায়েও নতুন মুখ এসেছে। বগুড়ায় আবদুল মালেক, রাজশাহীতে মো. জাহাঙ্গীর, ময়মনসিংহে আসাদুজ্জামান সোহেল এবং গাজীপুরে খায়রুল হাসান নতুন আমির নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ কয়েকটি শাখার আমিররা পঞ্চম মেয়াদে দায়িত্ব পেয়েছেন। এবার কুমিল্লা মহানগর ও জামালপুর জেলা শাখার আমিরের নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লায় কমিটি নিয়ে বিরোধের জেরে কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার পর মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়। ফলে সেখানে নতুন করে ভোট গ্রহণ হয়নি। জামালপুরে ভোট হলেও পর্যালোচনার কারণে ফল স্থগিত রাখা হয়েছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, জেলা ও মহানগর আমিরদের মেয়াদ দুই বছর। ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন একই ব্যক্তির নেতৃত্বে থাকার বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, রুকনরা গোপন ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করেন। এক বা দুই বছর দায়িত্ব পালন করে অনেকে সংগঠনের কার্যক্রম পুরোপুরি বুঝে উঠতে পারেন না। এ কারণে কেউ কেউ একাধিকবার নির্বাচিত হন। তাঁর দাবি, নেতৃত্ব নির্বাচনে রুকনদের ভোটই চূড়ান্ত ভূমিকা রাখে।