পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ
শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩৬ জন জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার ১৯ অক্টোবর সকালে জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নদীতে অভিযান চলাকালে জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রায় ১০০ জন জেলে লাঠিসোঁটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে অভিযানে থাকা কর্মকর্তাদের ধাওয়া দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। আরও পড়ুন,ফ্যামিলি কার্ডে দারিদ্র্য ৫ শতাংশ কমার আশাপরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন। এ সময় উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ করে রাখে জেলেদের একটি অংশ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় ৩৬ জনকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, ঘটনার সময় তাঁরা পদ্মা নদীতে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। যারা অভিযান প্রতিহত করছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকায় অভিযান চালাতে গেলে গ্রেপ্তারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করা হলে তাঁরা পালিয়ে যান এবং ৩৬ জনকে আটক করা হয়। অন্যদিকে সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, বিষয়টিকে তিনি সরাসরি নিজের ওপর হামলা হিসেবে দেখছেন না। তাঁর ভাষ্য, অভিযান প্রতিহত করতে গিয়ে জেলেরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। মা ইলিশ সংরক্ষণে অভিযান চলাকালে এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট বাহিনী।