ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে’, পুলিশের বিরুদ্ধে সরব জেইন মেরি
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের দাগের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেইন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইনের হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের এতটা ভয় দেখিয়ো না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে।’ ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘ইন্টারনেটে রাষ্ট্রের মুখোশ খুলে দিচ্ছে সে।’ তাঁর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। আটকের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেতা ইমরান খানও।আরও পড়ুন,মহালয়ার সেই বিতর্কিত অধ্যায়, কেন উত্তমকুমারের কণ্ঠে মন ভরেনি বাঙালিরতিনি জানান, কেন তাঁদের আটক করা হয়েছিল, তা বুঝতে পারেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ তাঁদের রাস্তা থেকে তুলে একটি ভ্যানে উঠতে বলে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে ভ্যানে ঘোরানোর পর একটি অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটাধিকার পুনর্বহালের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনেক ভোটারের নাম বাদ পড়া এবং তালিকায় কারসাজির অভিযোগ তুলে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। বিক্ষোভের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। বিক্ষোভস্থলে যাওয়ার পথেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকেও ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভাষ্য, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছিল। এদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তাঁর দুই সহযোগীকেও আটক করার খবর পাওয়া গেছে। ওই আন্দোলন ঘিরে বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও আইনজীবীসহ দুই হাজারের বেশি মানুষকে আটকের খবর প্রকাশিত হয়েছে।