মিস্টার ইন্ডিয়া’র জ্যাকেট এখনো যত্নে রেখেছেন অনিল
৩৯ বছর পর আবারও ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার সেই পরিচিত পোশাকে হাজির হয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে পরা শার্ট, প্যান্ট ও জ্যাকেট এত বছর ধরে যত্ন করে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন এই অভিনেতা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সেই পোশাক পরে হাজির হয়ে ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছেন পুরোনো দিনের স্মৃতিতে। ‘ইন্ডিয়া কে টপ ওয়ান পারসেন্ট: দ্য অনিল কাপুর শো’ অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সিনেমার সেই পোশাক পরে উপস্থিত হন অনিল কাপুর। এ সময় তিনি জানান, ৩৯ বছর পেরিয়ে গেলেও শার্ট, প্যান্ট ও জ্যাকেট এখনো তাঁর গায়ে ঠিকঠাক বসে। বিষয়টি নিয়ে হাস্যরসের ছলে অভিনেতা বলেন, শার্ট এখনো তাঁর গায়ে ঠিক হয়, প্যান্টও ঠিক হয়, এমনকি জ্যাকেটও ঠিক হয়। দীর্ঘ সময় পরও পোশাকের মাপ ঠিক থাকায় বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। অনিল কাপুর জানান, অনুষ্ঠানের আয়োজকেরা ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার আসল পোশাকটি ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন তিনি তাঁদের জানান, পোশাকটি এত বছর ধরে নিজের কাছেই সংরক্ষণ করে রেখেছেন। সিনেমাটিতে তাঁর পরিচিত লুকের অন্যতম আকর্ষণ ছিল জ্যাকেটটি। সেই জ্যাকেট কেনার পেছনের গল্পও অনুষ্ঠানে তুলে ধরেন অভিনেতা। আরোও পড়ুন,যুবকের সঙ্গে ছবি দিয়ে অপুর আবেগঘন পোস্টতিনি জানান, মুম্বাইয়ের চোর বাজার থেকে জ্যাকেটটি কিনেছিলেন। পোশাকের পাশাপাশি নিজের চুলের সাজেও ধরে রেখেছেন পুরোনো দিনের ছাপ। সিনেমাটিতে তাঁর লম্বা চুলের যে পরিচিত স্টাইল ছিল, এখনো সেভাবেই চুল বড় করেছেন তিনি। অনুষ্ঠানটির বিশেষ পর্বে দেশের ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষদের তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমা থেকে শেখার বিষয় হলো, সবাই মিস্টার ইন্ডিয়া হতে পারেন। তাঁর মতে, যাঁরা কোনো পুরস্কার কিংবা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই দেশের ও মানুষের সেবা করেন, তাঁরাও একেকজন মিস্টার ইন্ডিয়া। দায়িত্ববোধ থেকেই তাঁরা মানুষের জন্য কাজ করে যান। উল্লেখ্য, শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ মুক্তি পায় ১৯৮৭ সালে। সিনেমাটিতে অনিল কাপুরের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী ও অমরীশ পুরী। বিশেষ যন্ত্রের সাহায্যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পাওয়া অরুণ ভার্মাকে ঘিরে নির্মিত সিনেমাটি গান, সংলাপ ও স্মরণীয় চরিত্রের কারণে আজও দর্শকদের কাছে জনপ্রিয়। বিশেষ করে অমরীশ পুরীর ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটি হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত সংলাপ হিসেবে বিবেচিত।