সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত সামনে এলো। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। একই সঙ্গে ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তাঁর এই প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান ইশরাক। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইশরাক বলেন, অভিযানের সময় তাঁর দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। তবে তিনি দাবি করেন, সেদিন তিনি কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য যতটুকু সময় প্রয়োজন ছিল, ততক্ষণই অস্ত্রটি হাতে রেখেছিলেন বলে জানান তিনি। আরও পড়ুন,মক্কা-মদিনার পবিত্রতা রক্ষায় ঢাকায় সেমিনারএর আগে সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম চালানোর কথাও জানান তিনি। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাকের উপস্থিতিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তাঁরা তাঁর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। নেতা-কর্মীদের ঘিরে রেখেই প্রেসক্লাবের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনস্থলে যান তিনি। প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে ইশরাক এখন মাদকবিরোধী কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।