নারীর নেতৃত্ব বিকাশে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার
শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই নারীর ক্ষমতায়নের জন্য যথেষ্ট নয়। নারীদের কর্মজীবনে সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘ বিরতির পর আবারও কর্মক্ষেত্রে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, নারীর পূর্ণ সক্ষমতা বিকাশ এবং টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই হবে আগামীর জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশে নারীশিক্ষার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, মাধ্যমিক স্তরেই প্রায় ৩৫ শতাংশ ছাত্রী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এটি নারীদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তাকে মারাত্মকভাবে দুর্বল করে তুলছে। এ ছাড়া দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামগঞ্জের লাখ লাখ নারী এখনো জাতীয় অর্থনীতির মূলধারার বাইরে রয়েছেন। আরও পড়ুন,মিয়ানমার হয়ে চীন করিডোরে ইতিবাচক ঢাকাতিনি আরও বলেন, প্রকৃত নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করলেই হবে না। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান এবং নীতিনির্ধারণী নেতৃত্বের পর্যায় পর্যন্ত নারীদের জন্য ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নারীদের বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। সেমিনারে নারীর শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।