বিলাসভ্রমণের সংজ্ঞা বদলেছে এখন প্রাধান্য পাচ্ছে ব্যক্তিগত পছন্দ
বিলাসভ্রমণের ধরন দ্রুত বদলে যাচ্ছে। দামি হোটেল, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা কিংবা বাড়তি আয়োজনের পরিবর্তে এখন ভ্রমণকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নিজের পছন্দ, ব্যক্তিগত স্বাধীনতা ও গভীর অভিজ্ঞতা। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বর্তমানে বিলাসভ্রমণকারীরা স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, স্থানীয় মানুষের সঙ্গে মেশা এবং প্রচলিত পর্যটনকেন্দ্রের বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কারে বেশি আগ্রহী। ফলে হোটেলের ভূমিকাও বদলে যাচ্ছে। শুধু উন্নত কক্ষ ও সেবা নয়, অতিথির ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী বিশেষ অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে হোটেলগুলো। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বৈশ্বিক বিলাসবহুল ব্র্যান্ড বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম রাউন্ট্রি বলেন, বিলাসিতা একেক মানুষের কাছে একেক অর্থ বহন করে। কেউ বিস্তারিত ভ্রমণসূচি চান, আবার কেউ চান সম্পূর্ণ গোপনীয়তা ও ব্যক্তিগত সময়। একই ব্যক্তিও ভ্রমণের একেক সময়ে একেক ধরনের অভিজ্ঞতা চাইতে পারেন। সমুদ্রভ্রমণেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এক্সপ্লোরা জার্নিসের প্রেসিডেন্ট আনা ন্যাশের মতে, নিজের সময়, নিজের পরিসর এবং নিজের মতো করে অভিজ্ঞতা নেওয়ার স্বাধীনতাই প্রকৃত বিলাসিতা। এই পরিবর্তনের প্রভাব পড়ছে ভ্রমণ গন্তব্য বাছাইয়েও। পরিচিত শহর বা বিখ্যাত পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পর অনেক ভ্রমণকারী এখন দেশের আরও অচেনা অঞ্চলে যেতে চাইছেন। আরও পড়ুন,সিইসির পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে মহাবিক্ষোভজাপানের টোকিও, কিয়োটো ও ওসাকার বাইরে স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির কাছাকাছি যাওয়ার আগ্রহ বাড়ছে। একই প্রবণতা দেখা যাচ্ছে ভিয়েতনাম ও মালয়েশিয়াতেও। ক্যারিবীয় দ্বীপ নেভিসে বিলাসভ্রমণের ধারণা আরও ব্যক্তিকেন্দ্রিক। সেখানে পাহাড়ে চড়া, প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে যাওয়া কিংবা স্থানীয় রাঁধুনির সঙ্গে খাবার তৈরির মতো অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে কোনো কনসার্ট, বড় ক্রীড়া আয়োজন কিংবা নামী রেস্তোরাঁয় খাবারের সুযোগও এখন অনেকের ভ্রমণের মূল কারণ হয়ে উঠছে। অর্থাৎ হোটেল আর ভ্রমণের একমাত্র গন্তব্য নয়; বরং বৃহত্তর অভিজ্ঞতার একটি অংশ। আরেকটি বড় পরিবর্তন এসেছে পারিবারিক ভ্রমণে। এখন একই পরিবারের একাধিক প্রজন্ম একসঙ্গে ভ্রমণ করছেন। ফলে পরিবারের সবাই যেন একসঙ্গে সময় কাটাতে পারেন, আবার প্রত্যেকে যেন প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত পরিসর পান—সেদিকেও নজর দিতে হচ্ছে হোটেল ও রিসোর্টগুলোকে। সব মিলিয়ে বিলাসভ্রমণের নতুন সংজ্ঞা দাঁড়াচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, সময়ের মূল্য, গোপনীয়তা এবং অর্থবহ অভিজ্ঞতাকে ঘিরে। দামি আয়োজনের চেয়ে নিজের মতো করে একটি বিশেষ অভিজ্ঞতা অর্জন করাই হয়ে উঠছে আধুনিক বিলাসিতার মূল আকর্ষণ।