সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
বিষ্ণোই গ্যাংয়ের নামে হুমকির পোস্ট তদন্তে মুম্বাই পুলিশ

বিষ্ণোই গ্যাংয়ের নামে হুমকির পোস্ট তদন্তে মুম্বাই পুলিশ

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে ছড়িয়ে পড়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। সালমান খানের সঙ্গে কাজ করলে পরিণতি ভোগ করতে হবে বলে ওই পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর এই হুমকি সামনে আসে। তবে গুলির ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি মুম্বাই পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি দাবি করে হামলার দায় স্বীকার করেছেন। পোস্টে হারমান সান্ধুর নামও উল্লেখ করা হয়েছে। সেখানে দাবি করা হয়, টাইগার শ্রফকে ফোন করে সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কথা না শোনায় তাঁকে শিক্ষা দেওয়া হয়েছে। একই সঙ্গে সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পোস্টটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আরও পড়ুন,রহস্যময় পোস্টে ভক্তদের কৌতূহল বাড়ালেন নামিররোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্কের কাছে গুলির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ক্লাবে ফুটবল খেলা শেষে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এতে তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে টাইগারের গাড়িচালক ফিরদৌসের হাতে গুলি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুলেন্স। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা সংগ্রহে কাজ করেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরাও। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১ ফেব্রুয়ারি জুহুতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাসভবনের বাইরেও গুলি চালানোর ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। ওই ঘটনায় কেউ আহত হননি। এ ছাড়া ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী গুলিতে নিহত হন। তাঁর ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয়ের কাছে এ হামলা চালানো হয়েছিল। টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় তদন্ত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকির পোস্ট এবং হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হতে তদন্তকারীদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।