যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন। আরও পড়ুন,হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শেখার পরামর্শ জামায়াতকেপাশাপাশি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। ইনার সার্কুলার রিং রোড বাস্তবায়ন হলে ঢাকার অভ্যন্তরীণ সড়কে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি দূরপাল্লার যানবাহনের জন্য বিকল্প চলাচলব্যবস্থা তৈরি হওয়ার লক্ষ্য রয়েছে। প্রকল্পের বিভিন্ন অংশে কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জমি অধিগ্রহণসহ বিভিন্ন বাস্তবায়নগত বিষয় সমন্বয়ের প্রয়োজন রয়েছে। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।