শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ মজুরি বৃদ্ধির হার কমেছে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ মজুরি বৃদ্ধির হার কমেছে

দেশের মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। আগস্ট মাসে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে বলে বিবিএসের পরিসংখ্যানে উঠে এসেছে। একই সময়ে মূল্যস্ফীতি বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধির হার। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই তুলনায় আয় বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বুধবার ৭ অক্টোবর সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই এবং মজুরি হার সূচকের তথ্য প্রকাশ করে বিবিএস। পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এই হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে। আগস্টে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। গ্রামীণ এলাকাতেও মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। আরও পড়ুন,জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চিঠিগ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭ দশমিক ০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৫৭ শতাংশে নেমেছে। আগস্টে এই হার ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ। শহর এলাকাতেও মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে শহরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে। আগস্টে যা ছিল ৮ দশমিক ২০ শতাংশ। শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে মূল্যস্ফীতি বাড়লেও জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ। সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।