‘দৃশ্যম’-এর সঙ্গে তুলনা, নতুন মালয়ালম থ্রিলারে মুগ্ধ দর্শক
মালয়ালম সিনেমার পুলিশি তদন্তনির্ভর থ্রিলার মানেই দর্শকের মনে ভেসে ওঠে ‘দৃশ্যম’-এর নাম। জিতু জোসেফ পরিচালিত সেই সিনেমার জনপ্রিয়তার কারণে নতুন কোনো মালয়ালম ক্রাইম থ্রিলার মুক্তি পেলেই শুরু হয় তুলনা। এবার সেই আলোচনায় উঠে এসেছে পরিচালক শাহাদের সিনেমা ‘প্রধমা দৃষ্টিয়া কুট্টাকার’। গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়। ৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরও এটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। পার্বতী থিরুভোথু, বিজয়ারাঘবন, সিদ্ধার্থ ভরতন, ম্যাথু থমাস, বিনয় ফোর্ট ও উন্নিমায়া প্রসাদ অভিনীত সিনেমাটি একটি জটিল পুলিশি তদন্তকে কেন্দ্র করে নির্মিত। প্রায় দুই ঘণ্টা ৩৮ মিনিটের এই ক্রাইম থ্রিলারে রহস্যের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের নৈতিকতা, ব্যক্তিগত দুর্বলতা এবং আইন ও বিবেকের মধ্যকার দ্বন্দ্ব। গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র আলিনা। স্বামীকে হারানোর পর পুলিশের চাকরিতে যোগ দেওয়া এই নারী কর্মকর্তার জীবনে ছোট মেয়েটিই সবচেয়ে বড় অবলম্বন। নতুন কর্মস্থলে গিয়ে তাঁর পরিচয় হয় জ্যেষ্ঠ কনস্টেবল দিব্যার সঙ্গে। পাশাপাশি দাসন ও শ্রীনাথের জীবনেও চলছে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অপেক্ষা। সাধারণ জীবনযাপন করা এই পুলিশ কর্মকর্তারা সিনেমার প্রচলিত নিখুঁত ও আদর্শ পুলিশ চরিত্রের মতো নন। আরোও পড়ুন,হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে মুখ খুললেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রীকিন্তু তাঁদের একটি ভুল এমন পরিস্থিতি তৈরি করে, যার পরিণতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর গল্পে প্রবেশ করেন অভিজ্ঞ ও খ্যাতিমান পুলিশ কর্মকর্তা হ্যারিস মিরান। একদিকে ভুলের জালে আটকে পড়া কয়েকজন পুলিশ সদস্য, অন্যদিকে দক্ষ তদন্তকারী—এই সংঘাতই সিনেমার রহস্যকে আরও ঘনীভূত করে। সিনেমাটির বড় শক্তি হলো, এখানে কোনো চরিত্রকেই পুরোপুরি নির্ভুল বা প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়নি। তদন্ত যত এগোয়, ততই বদলে যায় চরিত্রগুলোর নৈতিক অবস্থান। দর্শকও বারবার নিজের ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হন। আলিনা চরিত্রে পার্বতী থিরুভোথু আবেগ, অনভিজ্ঞতা ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের দিকগুলো বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। অন্যদিকে হ্যারিস মিরান চরিত্রে বিজয়ারাঘবন তৈরি করেছেন একজন দক্ষ তদন্তকারীর দৃঢ় উপস্থিতি। কিছু জায়গায় গল্প এগিয়ে নিতে সুবিধাজনক পরিস্থিতির আশ্রয় নেওয়া হলেও দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমাটি অধিকাংশ সময় দর্শকের মনোযোগ ধরে রাখে। পুলিশি জিজ্ঞাসাবাদ, রহস্যের নানা স্তর এবং অপ্রত্যাশিত মোড়ের সমন্বয়ে ‘প্রধমা দৃষ্টিয়া কুট্টাকার’ মালয়ালম থ্রিলারের ভক্তদের জন্য আকর্ষণীয় একটি সংযোজন। তবে সিনেমাটি সত্যিই ‘দৃশ্যম’-এর চেয়ে ভালো কি না, তা দর্শকের ব্যক্তিগত পছন্দের বিষয়। তুলনা সরিয়ে রেখে রহস্য, তদন্ত ও নৈতিক দ্বন্দ্বের গল্প উপভোগ করতে চাইলে সিনেমাটি দেখতে পারেন নেটফ্লিক্সে।