প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বুধবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান গণমাধ্যমকে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বর্তমানে মির্জা আব্বাস অনেকটাই সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। এর আগে দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন মির্জা আব্বাস। তবে পরবর্তী চিকিৎসা ও ফলোআপের জন্য গত ১৬ সেপ্টেম্বর আবারও মালয়েশিয়ায় যান তিনি। আরোও পড়ুন,নীতিনির্ধারণে পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গড়ছে জামায়াতদেশটির প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলে। চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে প্রায় দেড় মাস চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে আসেন তিনি। পরবর্তী সময়ে ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়া যেতে হয়েছিল তাঁকে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরবর্তী রাজনৈতিক কার্যক্রম ও দায়িত্ব পালনে ফেরার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।