মার্কিন কর্মীদের চাকরি সুরক্ষার যুক্তিতে বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসে বাধা
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মীদের চাকরি ও মজুরি সুরক্ষার যুক্তিতে আটটি বড় প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সেবা প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচির আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাডোবি, কগনিজেন্ট, এইচসিএল ও ক্যাপজেমিনির মতো প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতায় গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে পিইআরএম একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বিদেশি কর্মীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্য স্পন্সর করতে পারে। মার্কিন শ্রম দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের নতুন পিইআরএম আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়াও স্থগিত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মার্কিন শ্রমসচিব কিথ সান্ডারলিং এ সিদ্ধান্ত ঘোষণা করেন। এ সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জালিয়াতিবিরোধী টাস্কফোর্সের প্রধান উপস্থিত ছিলেন। আরও পড়ুন,হরমুজে ট্যাংকারে হামলা বাড়ায় বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগট্রাম্প প্রশাসনের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগের ভিসাব্যবস্থার অপব্যবহার করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। তবে এই সিদ্ধান্তের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কাজের ভিসা বাতিল করা নয়। বরং গ্রিন কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় স্থায়ী শ্রম সার্টিফিকেশন প্রক্রিয়ায় আবেদন স্থগিত করা হয়েছে। মার্কিন শ্রমসচিবের দাবি অনুযায়ী, ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। এ সময়ে তারা ২ লাখ ৩০ হাজারের বেশি এইচ-১বি ভিসার অনুমোদন এবং ১ লাখের বেশি স্থায়ী শ্রম সার্টিফিকেশন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিইআরএম প্রক্রিয়ায় সাধারণত নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদে কাজ করার মতো পর্যাপ্ত যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। এই শর্ত পূরণ হলে নিয়োগকর্তা বিদেশি কর্মীর গ্রিন কার্ডের আবেদন এগিয়ে নেওয়ার সুযোগ পান।