বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে (৮১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আদালতে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামির পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। পরদিন আদালতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। পুলিশ তার প্রতিবেদনে উল্লেখ করে যে, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।আরও পড়ুন, গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগমামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। সে সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আসামিদের সঙ্গে আরও ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারধর ও গুলিবর্ষণের একপর্যায়ে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান। নিহত সাদিকুল ইসলাম (২১) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা ছিলেন এবং উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা করতেন। তার মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা দায়ের করা হলে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাতে আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাও অন্তর্ভুক্ত। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর ওই পদে বহাল ছিলেন।