পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে এবার কড়া জবাব দিয়েছেন ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। তাঁর দাবি পোশাকের কারণে নয় বরং অনুষ্ঠানে আলোকচিত্রীদের আচরণেই তিনি অস্বস্তি বোধ করেছিলেন।গত মে মাসে একটি হীরার গয়নার প্রদর্শনীতে ঐশ্বরিয়ার পরা পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনুষ্ঠানের জন্য তাঁর পোশাকটি উপযুক্ত ছিল কি না তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।সম্প্রতি রাজিনি হরিদাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেন ঐশ্বরিয়া। তিনি জানান আলোকচিত্রীরা তাঁর মুখের দিকে মনোযোগ না দিয়ে বিভিন্ন আপত্তিকর কোণ থেকে ছবি তুলছিলেন। এতে তিনি অস্বস্তি বোধ করেন এবং তাঁর শরীরী ভাষাতেও সেই অস্বস্তির প্রভাব পড়ে।ঐশ্বরিয়ার ভাষ্য তাঁর মনে হয়েছিল ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করা হয়েছে।
আড়ও পড়ুন,দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’
অনুষ্ঠানের পর তাঁর অস্বস্তির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অনেকে উল্টো তাঁর পোশাককেই এর জন্য দায়ী করেন।এসব মন্তব্যের জবাবে অভিনেত্রী প্রশ্ন তোলেন নারীর সংস্কৃতি কি শুধু তাঁর পোশাক কিংবা শরীরের কোনো নির্দিষ্ট অংশ দিয়ে বিচার করা উচিত? তাঁর প্রশ্ন সংস্কৃতি যদি আচরণের বিষয় হয় তাহলে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য কিংবা তাঁদের অস্বস্তিতে ফেলার বিষয়গুলো নিয়ে কেন আলোচনা হয় না।ঐশ্বরিয়া জানান প্রথম ২৪ ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকে তিনি গুরুত্ব দেননি। বরং বিষয়টি নিয়ে হেসেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে আলোচনা বাড়তে থাকায় তিনি বিস্মিত হন।তিনি প্রশ্ন করেন দেশের অর্থনীতি কিংবা জিডিপি নিয়ে আলোচনা না করে কেন তাঁর ক্লিভেজ নিয়ে এত তীব্র আলোচনা হবে। কত বৃদ্ধ মা-বাবা পরিত্যক্ত হচ্ছেন সেই বিষয়েও কেন আলোচনা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী।এর কয়েক সপ্তাহ আগেও একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হলে পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।চিকিৎসা পেশা ছেড়ে অভিনয়ে আসা ঐশ্বরিয়া লক্ষ্মীর চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৭ সালে। ‘মায়ানাধি’ সিনেমার মাধ্যমে তিনি পরিচিতি পান। এরপর ‘ভারাথান’ ‘আম্মু’ ‘কুমারী’ ও ‘গাটা কুস্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজের সিনেমার মাধ্যমেও তামিল দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী
মতামত