যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভয়াবহ নৌকাডুবির কয়েকদিন পর জীবিত উদ্ধার হয়েছে ১৫ বছরের এক কিশোর। নৌকাটিতে থাকা তিনজনের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া ওই কিশোরকে উল্টে যাওয়া নৌকার ওপর বসে থাকতে দেখেন মার্কিন কোস্টগার্ডের সদস্যরা।উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। দুর্ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাই মারা গেছেন।গত ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বের হয়েছিল তিনজন। কিন্তু নির্ধারিত সময়ে তারা ফিরে না আসায় শুরু হয় ব্যাপক অনুসন্ধান।এরপর সোমবার সকালে কোস্টগার্ডের একটি বিমান সমুদ্রে উল্টে থাকা নৌকাটি শনাক্ত করে। নৌকার ওপর একা বসে ছিল কিশোর ডেরেক। খবর পেয়ে কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
আড়ও পড়ুন,বরিস জনসনের ট্রেন সীমান্ত পেরোতেই ইউক্রেনে রুশ ড্রোন হামলা
পরে ডেরেকের বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহও উদ্ধার করা হয়।উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান উদ্ধার করার সময় ডেরেক প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরে ছিল। সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস।দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার কারণে কিশোরটির শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায় এবং সে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়।এর সঙ্গে ছিল খাবার ও পানির চরম সংকট। তারপরও বেঁচে থাকার আশা ছাড়েনি ডেরেক। উল্টে যাওয়া নৌকাটিকে আঁকড়ে ধরে উদ্ধারের অপেক্ষায় ছিল সে।শেষ পর্যন্ত কোস্টগার্ডের নজরে আসার পর উদ্ধারকারী নৌযানে তুলে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ভয়াবহ ঠান্ডা সমুদ্রের মধ্যে কয়েকদিন ধরে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে ১৫ বছরের কিশোরের এই বেঁচে থাকার ঘটনা এখন আলাস্কায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মতামত