জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সোমবার বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর পরদিন সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি নিয়মিত সরকারি কার্যক্রমে যোগ দেন।
সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সচিবালয়ে সাক্ষাৎ করেন। এটি ছিল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। সাক্ষাতে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
আড়ও পড়ুন,দূষিত বায়ু ও তামাকে ঝুঁকিতে ফুসফুস, সচেতনতার আহ্বান
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এসব তথ্য জানিয়েছেন।এদিকে সোমবার বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকে সরকারের বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন জাতীয় অগ্রাধিকার, শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, মানবিক বিষয় ও টেকসই উন্নয়ন নিয়ে বক্তব্য দেন। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।দেশে ফিরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার মধ্য দিয়ে সফর-পরবর্তী সরকারি কার্যক্রমও শুরু হলো।
মতামত