শিশুশিল্পী হিসেবে যে দীঘি একসময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সেই প্রার্থনা ফারদিন দীঘিকে এখন বড়পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না। নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও প্রত্যাশিত সাড়া পাননি তিনি। চলতি সময়ে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনমূলক কাজেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে বড়পর্দায় তার অনুপস্থিতি নিয়ে আক্ষেপ রয়েছে ভক্তদের। চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমায় কাজ করেছেন দীঘি। তবে সেই কাজটি নিয়ে পরবর্তীতে আর তেমন কোনো খবর সামনে আসেনি। প্রায় দুই বছর ধরে রুপালি পর্দায়ও নতুন কোনো সিনেমায় নিয়মিতভাবে দেখা যাচ্ছে না তাকে। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘৩৬-২৪-৩৬’ সিনেমায় অভিনয় করেছিলেন দীঘি। এরপর চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় দেখা গেলেও সেখানে তার চরিত্রের ব্যাপ্তি ছিল তুলনামূলক কম।
আড়ও পড়ুন,মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে ‘লং ড্রাইভ’
এদিকে দীঘির নতুন সিনেমা ‘বিদায়’ ঘিরে ছিল দর্শকদের আগ্রহ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদসহ আরও অনেকে। কিন্তু সিনেমাটির মুক্তি বারবার পিছিয়েছে। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। এরপর সেপ্টেম্বরের শুরুতে আবারও গুঞ্জন ওঠে দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। তবে এবারও সেই সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন সুলতানা সুমি। প্রযোজকের ভাষ্য অনুযায়ী সিনেমাটির একটি গানের চিত্রায়ণ এখনো বাকি। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে। সব কাজ শেষ হওয়ার পর আগামী বছরের কোনো একসময় সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে। তবে ঠিক কবে ‘বিদায়’ মুক্তি পাবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।
মতামত