ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে সহকারী পাইলটের হামলার পর ককপিটে ছুটে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়া দুই অতিরিক্ত পাইলটকে এখন ওই ফ্লাইটের অন্যতম নায়ক হিসেবে দেখছেন যাত্রীরা। তবে ঘটনার তিন দিন পরও তাদের পরিচয় প্রকাশ করেনি ফ্লাইদুবাই। উড়োজাহাজটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সামনের দিকে দ্বিতীয় সারিতে বসা ড্যানিয়েল শ্লিখটার পুরো ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। শ্লিখটার জানান, ওই ফ্লাইটে নিয়মিত দুই পাইলটের পাশাপাশি আরও দুই পাইলট ছিলেন। তাদের তেল আবিব থেকে দুবাইয়ে উড়োজাহাজটি ফিরিয়ে নেওয়ার কথা ছিল। এ ধরনের ব্যবস্থাকে বিমান চলাচলের ভাষায় ডেডহেডিং বলা হয়। ফ্লাইট চলার সময় ককপিটের ভেতর থেকে চিৎকার ও অস্বাভাবিক পরিস্থিতি টের পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দেখতে পান, সহকারী পাইলট ক্যাপ্টেনের ওপর হামলা করছেন এবং ককপিটের ভেতরে রক্ত ছড়িয়ে পড়েছে। গুরুতর আহত অবস্থায় ক্যাপ্টেন কোনোভাবে ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর এক যাত্রী সহকারী পাইলটকে ধরে ককপিট থেকে বের করে আনার চেষ্টা করেন। অন্য যাত্রীরাও তাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় অতিরিক্ত একজন পাইলট যাত্রীদের ওপর দিয়ে প্রায় লাফিয়ে ককপিটে ঢুকে পড়েন এবং উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। পরে দ্বিতীয় অতিরিক্ত পাইলটও ককপিটে যোগ দেন। তারা দরজা বন্ধ করে দেন। শ্লিখটার বলেন, প্রথম যে পাইলট ককপিটে ঢুকেছিলেন, তিনি অত্যন্ত দ্রুত পরিস্থিতি সামাল দেন।
আরও পড়ুন,৬০তম স্বাধীনতা দিবসে ২৩ হাতি শিকারের সিদ্ধান্তে সমালোচনা
তার ভাষায়, তিনি নায়কের মতো আচরণ করেছেন এবং এমনভাবে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছেন যেন পুরো পরিস্থিতি কীভাবে সামলাতে হবে তা তিনি জানতেন। তবে ককপিটের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরে ঠিক কী ঘটেছিল, তা আর জানতে পারেননি যাত্রীরা। এদিকে হামলার পর উড়োজাহাজটি তীব্রভাবে নিচের দিকে নেমে যায়। এতে রাডারের একটি অংশও ছিঁড়ে যায় বলে জানান শ্লিখটার। উড়োজাহাজটিকে স্থিতিশীল করতে কয়েক মিনিট সময় লাগে। তার ধারণা, এই প্রক্রিয়ায় ১০ মিনিট বা তারও বেশি সময় লেগে থাকতে পারে। পাইলটরা দ্রুত অবতরণের জন্য নিরাপদ জায়গা খুঁজতে থাকেন এবং উড়োজাহাজ থেকে মেইডে কল করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরও যাত্রীদের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি। কারণ, ককপিটে থাকা অতিরিক্ত দুই পাইলটের পরিচয় তারা জানতেন না। শ্লিখটার জানান, তখন তার মনে আশঙ্কা তৈরি হয়েছিল। এমনকি ওই দুই ব্যক্তি উড়োজাহাজটি ছিনতাই করে ইরান বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এমন চিন্তাও তার মাথায় এসেছিল। কারণ, উড়োজাহাজটি তখন ইরান থেকে খুব বেশি দূরে ছিল না। প্রায় ৪৫ মিনিট পর পাইলটরা ঘোষণা দেন, তারা সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করবেন। তখনই শ্লিখটার ওই দুই পাইলটের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নেন।
মতামত