ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি রোববার এ ঘোষণা দিয়ে বলেন, দেশের বাকি ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো দেশে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠাই এ অভিযানের লক্ষ্য।সরকারের এ ঘোষণার মধ্যেই ইয়েমেনে আরও অগ্রগতি অর্জন করেছে ইরানপন্থী হুতিরা। নিরাপত্তা বাহিনীর কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। ওই পথটি তাইজ শহরের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।তাইজ শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলছে। পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ ও এর আশপাশে গত ২৪ ঘণ্টার সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে উভয় পক্ষের কয়েকটি সূত্র জানিয়েছে। স্থানীয় একটি পুলিশ সূত্রের দাবি, হুতিরা আল-সাফিয়া এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি প্রধান সড়ক ও একটি থানাও দখলে নিয়েছে। সেখানে এখনো তীব্র লড়াই চলছে।
আরও পড়ুন,ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ও ফ্লাভিওর লড়াই
সাম্প্রতিক সময়ে হুতিদের আকস্মিক অভিযানে লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের কিছু এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে এর পরও হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এরই মধ্যে হুতিরা সৌদি আরবকেও একাধিকবার লক্ষ্যবস্তু করার দাবি করেছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে রিয়াদের উপকণ্ঠ ও কুরাইশ এলাকায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এতে ওই অবকাঠামোয় আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি। তবে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হুতিদের দাবি অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোট গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫০টি হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা। ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা এমন সময়ে বাড়ছে যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতোমধ্যে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে পড়েছে। ফলে হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের নতুন সামরিক অভিযান দেশটির দীর্ঘদিনের সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
মতামত