আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি আর বিদায়ের আবেগ। চিত্রনায়িকা পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’ অন্যদিকে মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি।
আরও পড়ুন,জেলার ২’ থেকে বাদ পড়ল ১০০ মিনিটের বেশি দৃশ্য
আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসিকে ঘিরে নিজের পুরোনো স্মৃতির কথাও তুলে ধরেন পরীমনি। বহু রাত জেগে মেসির খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস আর হারের পর কষ্ট—সব স্মৃতিই তার চোখের সামনে ভেসে ওঠে বলে জানান তিনি। বিশেষ করে ২০২২ বিশ্বকাপের কথা স্মরণ করে পরীমনি বলেন, বিশ্বকাপের ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দ কোনোদিন ভুলে যাওয়ার নয়। জয়-পরাজয়ের চেয়েও বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। পরীমনি আরও লেখেন, বিদায় নয়, লিও ফুটবলের ইতিহাসে থেকে যাবেন। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্প কখনো শেষ হবে না। মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
মতামত