বিদেশি দক্ষ কর্মী নিয়োগের এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহারের অভিযোগে মাইক্রোসফট ও টাটাসহ আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। এসব প্রতিষ্ঠানের স্থায়ীভাবে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এতে যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নিয়োগ এবং স্থায়ী বসবাসের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করেন, আটটি প্রতিষ্ঠান বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার করছে। প্রতিষ্ঠানগুলো হলো মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি। ভ্যান্সের অভিযোগ, এসব প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের পরিবর্তে বিদেশি চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ দিচ্ছে। বিশেষ করে মাইক্রোসফটের সমালোচনা করে তিনি বলেন, তাঁর মতে, এই ভিসা ব্যবস্থার সবচেয়ে বেশি অপব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এদিকে যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং জানিয়েছেন, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বা পিইআরএমের আওতায় ওই আট প্রতিষ্ঠানের নতুন ও চলমান আবেদন প্রক্রিয়া করা হবে না।
আরও পড়ুন,বাজারে চাল কিনতে গিয়ে বাড়তি খরচে ক্রেতারা
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের ক্ষেত্রে পিইআরএম একটি গুরুত্বপূর্ণ ধাপ। এইচ-১বি ভিসা মূলত বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ দেয়। প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পে এ ভিসার ব্যবহার রয়েছে। প্রচলিত ব্যবস্থায় প্রতি বছর প্রায় ৮৫ হাজার নতুন এইচ-১বি ভিসার জন্য নির্ধারিত কোটা থাকে। তবে ভিসার আবেদন, অনুমোদন এবং স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়া এক নয়। মাইক্রোসফটের পক্ষ থেকে এর আগে বিবিসিকে জানানো হয়েছিল, গত অর্থবছরে প্রতিষ্ঠানটির এইচ-১বি ভিসার আবেদনের প্রায় ৮০ শতাংশ ছিল আগে থেকেই কর্মরত কর্মীদের জন্য। অর্থাৎ এসব আবেদন নতুন কর্মী নিয়োগের উদ্দেশ্যে করা হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভ্যান্স অভিযোগ করেছেন, গত অর্থবছরে মাইক্রোসফট প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি এইচ-১বি ভিসার জন্য ছয় হাজার আটশটি আবেদন করেছে বলে তিনি উল্লেখ করেন। এসব তথ্য তুলে ধরে মার্কিন কর্মীদের বাদ দিয়ে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ করেন তিনি।
মতামত