মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, সংঘাতের অবসানে সহায়তা করতে রাশিয়া তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত। আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে দুই প্রেসিডেন্টের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ বা সিআইএসের শীর্ষ সম্মেলন সামনে রেখে তারা সেখানে মিলিত হন। শুক্রবার সম্মেলনটি শুরু হওয়ার কথা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পুতিন বলেন, বর্তমান পরিস্থিতির অবসানে সহায়তা করতে মস্কো তার সামর্থ্যের মধ্যে যা কিছু সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধে তেহরান বাস্তব উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন,আব্রাহাম লিংকনের ৩২১ দিনের অভিযান নিয়ে নতুন আলোচনা
এদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা থেকে সরে আসবে না তেহরান। আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ইরান আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যখনই আলোচনা শুরু হয়, তখনই নতুন করে হামলা চালানো হয়। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না। সংলাপ অব্যাহত রাখার মাধ্যমে সংঘাতের সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে তেহরান। পুতিনের এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে রাশিয়ার কূটনৈতিক ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। তবে যুদ্ধ বন্ধে মস্কোর প্রস্তাব কতটা কার্যকর হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
মতামত