গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ফিলিস্তিনিদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা থামছে না। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত বা আহত হচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ত্রাণ সংস্থা ইসলামিক রিলিফ। বৃহস্পতিবার ৮ অক্টোবর প্রকাশিত সংস্থাটির তথ্যে উঠে এসেছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির চিত্র। ইসলামিক রিলিফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর গত এক বছরে গাজায় কমপক্ষে এক হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু। অর্থাৎ, গড়ে প্রতিদিন প্রায় একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব আরও বেশি। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এক হাজার ৪৭১ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন চারজন এবং আহত হয়েছেন ২৮ জন। মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৪ হাজার ২৫৪।
আরও পড়ুন,যুদ্ধ অবসানে বাস্তব উদ্যোগ নিয়েছে ইরান বললেন পুতিন
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্য গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন দক্ষিণ গাজার মধ্য খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি অভিযানের সময় ১৩ বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। ইসলামিক রিলিফ আরও জানিয়েছে, ইসরাইলের নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’ ব্যবহার করে গাজার প্রায় ৬৫ শতাংশ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়েছে বলে সংস্থাটির অভিযোগ। এর ফলে প্রায় ২১ লাখ মানুষকে গাজার অবশিষ্ট ৩৫ শতাংশ এলাকায় গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে।
মতামত