গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, সরকার গঠনের জন্য জনগণ যেমন ভোট দিয়েছেন, তেমনি গণভোটেও নিজেদের মতামত জানিয়েছেন। তাই জনগণের উভয় ভোটের রায়কে গুরুত্ব দিতে হবে। রোববার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. রেজাউল করিম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ দুটি ভোট দিয়েছেন। এর একটি সরকার গঠনের জন্য, অন্যটি গণভোটে নিজেদের মতামত জানানোর জন্য। সরকার দলীয় ভোটের ভিত্তিতে ক্ষমতায় এলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, একটি ভোট বৈধ হলে অন্য ভোট অবৈধ হবে কেন? গণভোটের রায় মেনে না নিলে সরকারের বৈধতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। নিজেদের লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, তাঁদের কর্মসূচি সরকার পতনের জন্য নয়; বরং গণভোটে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে।
আরও পড়ুন,এমপিদের জনগণের ভালো-মন্দ দেখতে হবে: রিজভী
একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রেজাউল করিম আরও বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারিদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধ দমন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ক্যাম্পেইনে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছিরুদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উত্তর তেমুহনী এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মতামত